কক্সবাজারের ৫ নম্বর ক্যাম্পে ভূমিধসে প্রাণহানির খবরে ইউনিসেফের বিবৃতি

09 জুলাই 2026

ঢাকা, জুলাই ৯, ২০২৬- কক্সবাজারের ৫ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে গতকাল যে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে, তাতে ইউনিসেফ গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে। এই মর্মান্তিক ঘটনায় অন্তত চারজন কন্যাশিশুর প্রাণহানির খবর পাওয়া গেছে - এতে ইউনিসেফ গভীরভাবে শোকাহত। ঘটে যাওয়া ক্ষয়ক্ষতির মাত্রা নির্নয় করা হচ্ছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি শিশু, তাদের পরিবার এবং সকলের জন্য  আমাদের আন্তরিক সমবেদনা  রইল।

গত ৭ জুলাই ক্যাম্পে আকস্মিক বন্যা ও ভূমিধসে শিশুসহ নয়জন মানুষের প্রাণহানির ঠিক একদিন পরই এই দুঃখজনক ঘটনাটি ঘটল। একের পর এক এমন জরুরি অবস্থা আমাদের সামনে তুলে ধরেছে যে - এই বর্ষা মৌসুম অতি নাজুক পরিবেশে বসবাসকারী শিশু ও তাদের পরিবারের জন্য কতটা ঝুঁকি নিয়ে এসেছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় শরণার্থী শিবিরগুলোতে বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়ছে। এতে শরণার্থী শিবিরে বসবাসকারী রোহিঙ্গা শিশু ও তাদের পরিবারের জন্য প্রাণহানির ঝুঁকি সৃষ্টির পাশাপাশি প্রয়োজনীয় সেবাগুলো পাওয়ার ক্ষেত্রেও বিঘ্ন তৈরি হচ্ছে।

ইউনিসেফ ও আমাদের অংশীজনেরা খুব নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সহায়তা প্রদানের জন্য সরকারি কর্তৃপক্ষ ও মানবিক সহায়তা প্রদানকারী অংশীজনদের সঙ্গে সমন্বয় করছে। ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের পরিবারগুলোকে জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা প্রদানে আমরা প্রস্তুত রয়েছি। তাদের কী কী প্রয়োজন, সেগুলোও চিহ্নিত করা হয়েছে।

বর্ষা মৌসুমজুড়ে শিশুরা যেন নিারপদে থাকে এবং সম্ভাব্য সব জায়গায় তারা যেন স্বাস্থ্য সেবা, বিশুদ্ধ পানি, সুরক্ষা, মনঃসামাজিক সহায়তা ও শিক্ষাসহ জরুরি সেবাগুলো পায়, সেটা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও মানবিক সহায়তা প্রদানকারী অংশীজনদের সহযোগিতা প্রদানে অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে ইউনিসেফ। 

গণমাধ্যম বিষয়ক যোগাযোগ

মিগেল মাতেওস মুনোজ
ইউনিসেফ বাংলাদেশ
টেলিফোন: +8801713043478
ই-মেইল: [email protected]
কুসালি নেলি কুবওয়ালো
ইউনিসেফ বাংলাদেশ
টেলিফোন: +8801847327230
ই-মেইল: [email protected]

ইউনিসেফ সম্পর্কে

বিশ্বের সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের কাছে পৌঁছাতে বিশ্বের কঠিনতম কিছু স্থানে কাজ করে ইউনিসেফ। ১৯০টিরও বেশি দেশ ও অঞ্চলে সর্বত্র সব শিশুর জন্য আরও ভালো একটি পৃথিবী গড়ে তুলতে আমরা কাজ করি।

ইউনিসেফ এবং শিশুদের জন্য এর কাজ সম্পর্কিত আরও তথ্যের জন্য ভিজিট করুন: www.unicef.org/bangladesh/

ইউনিসেফকে অনুসরণ করুন Twitter, Facebook, Instagram এবং YouTube-এ।