মাঠপর্যায়ে ইউনিসেফ
সব অঞ্চলে মাঠপর্যায়ে ইউনিসেফের নিবিড় উপস্থিতি
- বাংলা
- English
জাতিসংঘের সংস্থাগুলোর মধ্যে ইউনিসেফের একটি শক্তিশালী ও স্বতন্ত্র মাঠপর্যায়ের উপস্থিতি রয়েছে, যা জাতীয় ও উপ-জাতীয় উভয় পর্যায়েই ফলাফল অর্জনে সহায়তা করে। বিকেন্দ্রীভূত কাঠামোর মাধ্যমে ইউনিসেফ সরকারি অংশীদার ও সহযোগী সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে, যাতে দেশের বিভিন্ন অঞ্চলের শিশু ও সম্প্রদায়ের কাছে পৌঁছানো যায়।
বাংলাদেশে ইউনিসেফ একটি কান্ট্রি অফিস এবং তিনটি ফিল্ড অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে, যা দেশের আটটি বিভাগ ও ৬৪টি জেলাকে অন্তর্ভুক্ত করে। ১১০-এরও বেশি মাঠপর্যায়ের কর্মী সরকার ও স্থানীয় অংশীদারদের সঙ্গে কাজ করে কর্মসূচি বাস্তবায়ন ও তদারকি করেন, যাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও প্রয়োজনমুখী জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে যায়।
ঢাকা
ঢাকা কান্ট্রি অফিস ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগে ইউনিসেফের কার্যক্রম পরিচালনা করে। এটি বাংলাদেশের মধ্য ও উত্তরাঞ্চলজুড়ে কর্মসূচির তত্ত্বাবধান করে, যার মধ্যে রয়েছে রাজধানী ঢাকা, যা বিশ্বের দ্রুত বর্ধনশীল মহানগরীগুলোর একটি। এই অফিসের আওতাভুক্ত অঞ্চলসমূহ:
- ঢাকা বিভাগের ৮টি জেলা: ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ।
- ময়মনসিংহ বিভাগের ৪টি জেলা: ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর।
- রংপুর বিভাগের ৮টি জেলা: রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও লালমনিরহাট।
- রাজশাহী বিভাগের ৮টি জেলা: রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ।
চট্টগ্রাম
চট্টগ্রাম ফিল্ড অফিস বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে ইউনিসেফের কার্যক্রম পরিচালনা করে। চট্টগ্রাম বিভাগ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এবং এতে দেশের প্রধান সমুদ্রবন্দর ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল অন্তর্ভুক্ত, যেখানে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বৈচিত্র্যময় জনগোষ্ঠীর বসবাস। এই অফিসের আওতাভুক্ত অঞ্চলসমূহ:
- চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা: চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর ও নোয়াখালী।
- সিলেট বিভাগের ৪টি জেলা: সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ।
বরিশাল
বরিশাল ফিল্ড অফিস বরিশাল ও খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগের কিছু অংশে ইউনিসেফের কার্যক্রম পরিচালনা করে। এটি দক্ষিণ-মধ্য বাংলাদেশের ২১টি জেলায় কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করে। এই অঞ্চলের বড় অংশ উপকূলীয় হওয়ায় ঘূর্ণিঝড়, বন্যা এবং জলবায়ুজনিত অন্যান্য দুর্যোগের ঝুঁকি অত্যন্ত বেশি। ফলে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সহনশীলতা বৃদ্ধি, দুর্যোগ প্রস্তুতি এবং সেবা প্রদানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই অফিসের আওতাভুক্ত অঞ্চলসমূহ:
- বরিশাল বিভাগের ৬টি জেলা: বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর।
- খুলনা বিভাগের ১০টি জেলা: খুলনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরা।
- ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলের ৫টি জেলা: ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী ও শরীয়তপুর।
কক্সবাজার
কক্সবাজার ফিল্ড অফিস বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক সহায়তা কার্যক্রমকে সমর্থন করছে। ইউনিসেফ এখানে রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয়দাতা (হোস্ট) সম্প্রদায়ের শিশু ও পরিবারগুলোর জন্য জীবনরক্ষাকারী সেবা এবং সুরক্ষা সহায়তা প্রদান করে।