১২ লাখ মানুষের পরিচ্ছন্ন পৃথিবীর নেপথ্য নায়কদের গল্প

বাংলাদেশ হিউম্যানিট্যারিয়ান ফান্ডের সহায়তায় প্রতিদিন সাড়ে চার শতাধিক স্বেচ্ছাসেবক রোহিঙ্গা শিবিরগুলোকে পরিষ্কার, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও সবুজ করে তুলছেন।

নাদিয়া সুলতানা
Kamal Hossain (26) serves as a solid waste volunteer in the Rohingya refugee camp in Cox’s Bazar, Bangladesh.
UNICEF Bangladesh/2026/Nadia
10 সেপ্টেম্বর 2026

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাটা বেশ বড় এক চ্যালেঞ্জ। ঘিঞ্জি জায়গায় অস্থায়ী ছোট্ট শিবিরগুলোতে গাদাগাদি করে থাকে পরিবারগুলো। সেখানে বাস করে ১২ লাখেরও বেশি মানুষ। প্রতি বর্গকিলোমিটারে প্রায় ৪৮ হাজার মানুষের এই বসতিগুলো বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের চেয়েও বেশি ঘনবসতিপূর্ণ হয়ে উঠেছে। কক্সবাজারের এমন ৩৩টি শিবিরে প্রতিদিন তৈরি হয় প্রায় ১২০ টন বর্জ্য। এত ঘনবসতিপূর্ণ এই জনপদ পরিষ্কার রাখা কোনো সাধারণ কাজ নয়। মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে—তাহলে কীভাবে এই শিবিরগুলোকে পরিষ্কার ও সচল রাখা হয়?

২৬ বছর বয়সী  কামাল হোসেন, হলেন সেই নেপথ্য নায়কদের একজন, যিনি প্রতিদিন নিভৃতে ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন, যাতে শিবিরগুলো খানিকটা পরিষ্কার, নিরাপদ ও সচল থাকে।

২০১৭ সালে যখন কামাল প্রথম ক্যাম্পে আসেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ১৭ বছর। মনে ছিল আতঙ্ক ও ভয়, আর ভবিষ্যৎ নিয়ে কোনো ধারণাই ছিল না। কিন্তু তিনি হাত গুটিয়ে বসে থাকেননি বা পরিস্থিতির পরিবর্তনের জন্য অপেক্ষা করেননি। তিনি বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ শুরু করেন এবং ধীরে ধীরে নিজের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়াতে থাকেন, যা তাঁর পরিবারকে সহায়তা করতে সাহায্য করে।

একজন বর্জ্য সংগ্রহকারী হিসেবে কাজ করার সুবাদে তিনি শেখেন কীভাবে সঠিক উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা করতে হয়, জৈব ও অজৈব বর্জ্যের পার্থক্য কী এবং কেন এগুলো আলাদা করে রাখা জরুরি। আজ তিনি সেই জ্ঞান বাস্তবে কাজে লাগাচ্ছেন, পুরো ক্যাম্পে বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার কাজ করছেন তিনি।

বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রথম ধাপ

Mustafa Khatun (62), a Rohingya woman leaves waste outside her home for collection.
Bangladesh/2026/Nadia বাড়ির বাইরে আলাদা আলাদা ঝুড়িতে বর্জ্য রেখে দিচ্ছেন ৬২ বছর বয়সী রোহিঙ্গা নারী মোস্তফা খাতুন; ঠিক সময়েই স্বেচ্ছাসেবক এসে তা নিয়ে যাবেন।

কামাল প্রতিদিন খুব সকালে ক্যাম্পের এক বাড়ি থেকে অন্য বাড়িতে যান। পরিবারগুলোকে আগেই দুটি করে ঝুড়ি দেওয়া হয়েছে, যাতে তারা ঘরের ভেতরেই বর্জ্য পদার্থগুলো আলাদা করে রাখতে পারে—একটি সবুজ ঝুড়ি আর একটি লাল। পচনশীল বা জৈব বর্জ্য, যেমন খাবারের উচ্ছিষ্ট অংশ রাখার জন্য সবুজ ঝুড়িটি ব্যবহার করা হয়; আর প্লাস্টিকের মতো অজৈব বর্জ্যের জন্য ব্যবহার করা হয় লাল ঝুড়ি। প্রতিটি বাড়িতে গিয়ে কামাল খুব সাবধানে দুই ধরনের বর্জ্য দুটি আলাদা বালতিতে ঢেলে নেন।

Kamal collecting waste from households.
UNICEF Bangladesh/2026/Nadia বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করছেন কামাল।

পরিবারগুলো ভুলবশত বর্জ্য একসাথে মিশিয়ে ফেললে, কামাল আবারও ভালোভাবে  তাদের বুঝিয়ে বলেন কেন বর্জ্য আলাদা রাখা জরুরি এবং তাদের সঠিক নিয়মটি শিখিয়ে দেন। এছাড়াও, স্বাস্থ্যবিধি বিষয়ক স্বেচ্ছাসেবকেরা (হাইজিন ভলান্টিয়ার) প্রতি মাসে প্রতিটি পরিবারের সঙ্গে একবার করে বসেন তাদের সঠিক বর্জ্য ব্যবস্থাপনার নিয়মগুলো বারবার আলোচনার মাধ্যমে রপ্ত করিয়ে দেবার জন্য।

বালতিগুলো ভরে গেলে কামাল সেগুলো কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে নিয়ে যান। সংগৃহীত বর্জ্যগুলো সেখানে আবারও আলাদা করে প্রথমে বড় বড় পৃথক সিমেন্টের বাক্সে রাখা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে একসময়ের পরিত্যক্ত আবর্জনা প্রয়োজনীয় উপাদানে পরিণত হয়। পুনরুৎপাদনের জন্য প্লাস্টিক সামগ্রী বিক্রি করে দেয়া হয় আর পচনশীল খাবারের বর্জ্য থেকে তৈরি করা হয় সার বা কম্পোস্ট। পরবর্তীতে এই সার কৃষিকাজের জন্য আবার ওই কমিউনিটির কাছেই ফিরিয়ে দেওয়া হয়। ক্যাম্পের নারী-পুরুষেরা এই সার সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে থাকেন এবং এটি ব্যবহার করে তাঁরা তাঁদের ঘরের আশপাশে তাজা শাকসবজি ও ফলমূল চাষ করেন।

Collected organic waste turned into compost at the waste management facility.
UNICEF Bangladesh/2026/Saikat বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে সংগৃহীত জৈব বর্জ্য থেকে তৈরি কম্পোস্ট সার।

কামালের এই কাজটি কিন্তু বেশ কষ্টসাধ্য। প্রতিদিন তাকে খাড়া পাহাড়ি পথ বেয়ে উঠে প্রায় ২০০ থেকে ২৫০টি পরিবারের কাছে পৌঁছাতে হয়। এত পরিশ্রমের পরও তিনি নিজের কাজে গর্ববোধ করেন, কারণ তিনি নিজের মানুষের সেবা করার সুযোগ পাচ্ছেন।

তিনি বলেন, “আমরা যদি আমাদের ঘরবাড়ি ও ক্যাম্প পরিষ্কার না রাখি, তবে এই ময়লার মাঝেই আমাদের বসবাস করতে হবে। যেহেতু ময়লা আমরাই তৈরি করছি, তাই তা পরিষ্কার করার দায়িত্বও আমাদের।”

ক্যাম্প জীবনের বাইরের স্বপ্ন

তবে ২০১৭ সালে কামাল এতটা আত্মবিশ্বাসী ছিল না। তখন তাঁর বয়স মাত্র ১৭ বছর, মায়ানমারে সহিংসতার শিকার হয়ে তিনি ও তাঁর পরিবার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। পথিমধ্যে পরিবারের সদস্যরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। বেঁচে থাকা এবং পরিবারের সদস্যদের আবার খুঁজে পাওয়াটাই তখন ছিল তাঁর একমাত্র লক্ষ্য।

চোখে জল নিয়ে কামাল সেদিনের কথা স্মরণ করেন, “আমি ভেবেছিলাম বাবা-মাকে আর কখনোই দেখতে পাব না।” 

তবে সৌভাগ্যবশত, শেষ পর্যন্ত তিনি তাঁর বাবা-মা এবং ছয় ভাইবোনের সঙ্গে পুনরায় মিলিত হতে পেরেছিলেন।

Kamal with his eldest son Mohammed Shahed (6) at home after work.
UNICEF Bangladesh/2026/Nadia Kamal with his eldest son Mohammed Shahed (6) at home after work.

এখন দুই সন্তানের বাবা কামাল, ক্যাম্পের এই সীমানা ছাড়িয়ে বাইরে এক সুন্দর জীবনের স্বপ্ন দেখেন। এই স্বপ্নই তাকে তার অসমাপ্ত পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়। বর্জ্য ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার পাশাপাশি তিনি পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছেন। ক্যাম্পে, বিভিন্ন দেশের পরিদর্শকদের প্রায়ই দেখেন কামাল, আর ইচ্ছে হয়—কারো সাহায্য বা অনুবাদ ছাড়াই তিনি যেন নিজে তাদের সঙ্গে কথা বলতে পারেন। এই ইচ্ছের কারণেই কামালের ইংরেজি শেখার আগ্রহ তৈরি হয়। সব প্রতিকূলতা ও সংগ্রামের মাঝেও তিনি এই আশাকে আঁকড়ে ধরে বেঁচে আছেন যে, তাঁর সন্তানরা যেন তাঁর মতো কষ্ট না করে, বরং সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ পায়।

কামালের মতো সাড়ে চার শ' রও বেশি কঠিন-বর্জ্য ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবক প্রতিদিন হাজার হাজার কিলোমিটার পথ হেঁটে ক্যাম্পের শত শত পরিবার থেকে বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা করেন। বাংলাদেশ হিউম্যানিট্যারিয়ান ফান্ড এবং ইউএস ফরেন অ্যাসিস্ট্যান্সের সহায়তায় পরিচালিত এই পরিবেশবান্ধব ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা উদ্যোগ বিশ্বের অন্যতম জনবহুল এই শরণার্থী শিবিরে পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং টেকসই জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।