শিশুশ্রম থেকে শিক্ষার আলো

ইউনিসেফের সহায়তায় পরিচালিত বহুমূখী কেন্দ্রে শিক্ষা ও সুরক্ষা পাচ্ছে রোহিঙ্গা শিশুরা

তাসনীম কিবরিয়া
Nur (third from right), 13, engages with his peers and instructor during a lesson on repairing solar panels at a UNICEF-supported multi-purpose centre in the Kutupalong refugee camp in Cox’s Bazar.
UNICEF Bangladesh/2023/Sujan
22 ফেব্রুয়ারি 2024

২০১৭ সাল। মায়ানমার থেকে বাবা-মা ও ভাইবোনদের সাথে নূর যখন পালিয়ে আসে, তখন তার বয়স মাত্র ৭ বছর। সেই থেকেই কক্সবাজারের বিস্তৃত শরণার্থী শিবিরে বসবাস তার। যেখানে বাস্তুচ্যূতিই নিয়মিত বাস্তবতা, সেখানে শিশুশ্রমও অনেক রোহিঙ্গা পরিবারের জন্য অতিসাধারণ বিষয়।

রোহিঙ্গা সম্প্রদায়ের শিশুদের প্রতি সহিংসতার বিষয়টি লোকচক্ষুর বাইরে রাখা হলেও সেখানে এটি খুবই সাধারণ ঘটনা। ক্যাম্পের কেস ওয়ার্কারদের তথ্য অনুযায়ী, প্রতি দশ জনের মধ্যে একজন রোহিঙ্গা শিশু বাড়িতে শারীরিক নির্যাতনের শিকার হয়।

প্রথম যখন এ সম্পর্কে নূরকে জিজ্ঞাসা করা হয়েছিল, সম্ভবত ভয়ে অথবা পরিবারের প্রতি সম্মানের কারণে সে চুপ ছিল। তবে ধীরে ধীরে সত্যটি সামনে আসে। শিশুদের প্রতি নির্যাতন এবং অবহেলার চিত্র তুলে ধরে নূর।

“আমার বাবার বয়স এখন ৭০ বছর। আমরা যখন মায়ানমারে ছিলাম তখন তিনি কৃষি কাজ করতেন। তবে বয়সের কারণে এখন কোনো কাজ করতে পারেন না তিনি”, বলছিলো নূর। “আমরা ৭ ভাইবোন। বেশ কষ্টেই দিন কাটাচ্ছি আমরা। যেকারণে আমার বাবা আমাকে লার্নিং সেন্টার(শিক্ষণ কেন্দ্র) থেকে বের করে নিয়ে আসতে চেয়েছিলেন, যাতে আমি কাজ করতে পারি এবং পরিবারকে সহায়তা করতে পারি| 

ক্যাম্পের কেস ওয়ার্কারদের তথ্য অনুযায়ী, প্রায় ৮ শতাংশ রোহিঙ্গা শিশুকে শিশুশ্রমে বাধ্য করা হয়। এ সকল শিশু ভারি বোঝা বহন করা থেকে শুরু করে মাঠের কাজ - এমন অনেক ভারী কাজ করে থাকে। নূরের গল্পটিও কোনো এর ব্যতিক্রম নয়; জরুরী অর্থনৈতিক চাহিদা পূরণ করতে গিয়ে যাদের স্বপ্ন বলি দেওয়া হয়েছে এমন অসংখ্য রোহিঙ্গা শিশুর সংগ্রামের প্রতিচ্ছবি এটি।

“আমার বাবা আমার ওপর চিৎকার চেঁচামেচি করতেন, মাঝে মাঝে মারতেনও”, বলছিলো নুর। “স্বাভাবিক সময়ে আমি মাঠে যেতাম। বন্ধুদের সাথে ফুটবল খেলা উপভোগ করতাম। কিন্তু ওই দিনগুলোতে আমি খেলতে পারতাম না। সে সময় আমার মন খারাপ থাকতো”, এভাবেই বলছিলো নূর।

Nur plays kick volleyball with friends in a field near his home.
UNICEF Bangladesh/2023/Sujan বাড়ির পাশের মাঠে বন্ধুদের সাথে ভলিভল খেলছে নূর।

যে শিশুরা সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য মানবিক সংকটের সম্মুখিন হয়, তারা মানসিক ও সামাজিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শিশুদের একটি বড় অংশ উদ্বেগ, হতাশা, অস্বস্তি এবং অন্যান্য মানসিক চাপজনিত সমস্যায় ভুগছে।

শরণার্থী শিবিরের জটিল পরিস্থিতি ও প্রয়োজনের তুলনায় সীমিত পরিষেবার জন্য রোহিঙ্গা শিশুরা নানারকম নির্যাতনের ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে রয়েছে মানব পাচার, শিশুবিয়ে, শিশুশ্রম এবং জেন্ডারভিত্তিক সহিংসতা যা তাদের মানসিক, শারীরিক এবং সামাজিক বিকাশের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় অন্যান্য অংশীজনদের পাশাপাশি ইউনিসেফ মেয়ে, ছেলে ও নারীদের জন্য বহুমুখী কেন্দ্রসহ বিভিন্ন নিরাপদ স্থান তৈরি করেছে। কেন্দ্রগুলোতে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক উভয়ভাবেই মনোসামাজিক সহায়তা, কেস ব্যবস্থাপনা পরিষেবা এবং জীবন-দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়।

পরিবারের অসম্মতির কারণে নূরের ঘটনাটি প্রথমে গোপন ছিলো। তবে, বহুমুখী কেন্দ্রের একজন সহপাঠি যখন তাকে গ্যাস সিলিন্ডার বহন ও মাঠে কাজ করতে দেখেন, তখন বিষয়টি প্রকাশ্যে আসে।

কেন্দ্রের কেস ব্যবস্থাপনা কর্মী সালাউদ্দিন, নূরের পরিস্থিতি শনাক্ত ও সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নূরের বাবা মাকে শিশুশ্রমের কষ্ট এবং নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন করাকে লক্ষ্য হিসেবে গ্রহণ করেছিলেন তিনি। পরিবারের সাথে কথা বলে, তাদেরকে শিশু মনে অবহেলার প্রভাব বুঝতে সাহায্য করেন সালাউদ্দিন; পাশাপাশি নূরকে শিশুশ্রমের সাথে যুক্ত করার পরিবর্তে বহুমুখী কেন্দ্রে পাঠানোর জন্য উৎসাহিত করেন তিনি।

“সালাউদ্দিন যখন বাড়িতে এসে আমার বাবা মায়ের সাথে কথা বললেন, তারপর থেকে আমার বাবা মারধোর করা বন্ধ করে দেন, এখন তিনি আমার খুবই যত্ন করেন”, হাসি মাখা মুখে কথাগুলো বলছিলো নূর। “যখন আমার বাবা জানতে পারলেন যে, আমি এখানে দক্ষতা অর্জনের পাশাপাশি কিছু অর্থও উপার্জন করতে পারি, তখন তিনি আমাকে বহুমুখী কেন্দ্রে ভর্তি করান। গত ৮ মাস ধরে আমি এখানে আসা যাওয়া করছি”, বললেন নূর।

কক্সবাজারে, শিশুদের জন্য কেস ব্যবস্থাপনা সেবা প্রদান করতে ইউনিসেফ সালাউদ্দিনের মতো ১৬১ জন কেস ও সমাজসেবা কর্মীকে সহায়তা করছে। তাঁরা কুতুপালং শরণার্থী শিবির এবং হোস্ট কমিউনিটির সাথে কাজ করছেন।

সমাজসেবা কর্মীদের সক্ষমতা বাড়াতে এই সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ইউনিসেফ সমাজসেবা অধিদপ্তর ও অন্যান্য অংশীজনদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। এর আওতায় সমাজসেবা কর্মীদের বিভিন্ন গাইডলাইন (নির্দেশনা) সম্পর্কেও প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে।

মানসিক চাপ, ভয়, হতাশা এবং উদ্বেগ নিয়ন্ত্রণ করতে বহুমুখী কেন্দ্রে ভর্তি হওয়ার পর থেকে নূর বেশ কয়েকটি মনোসামাজিক সহায়তার সেশনে অংশ নিয়েছে। কেন্দ্রটিতে বিভিন্ন জীবন-দক্ষতা সম্পর্কেও প্রশিক্ষণ দেয়া হয় যাতে শিশু ও কিশোর-কিশোরীরা নিজেই তাদের সমস্যা শনাক্ত ও মোকাবিলা করে পরিবার ও কমিউনিটিতে সুসম্পর্ক বজায় রাখতে পারে।যেসব শিশু মনোসামাজিক সহায়তা পেয়েছে তারা নিজেদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারছে, নিজেদেরকে ভালোভাবে তুলে ধরতে পারছে।

Nur demonstrates the skills he learned from vocational training on solar technology at the multi-purpose centre.
UNICEF Bangladesh/2023/Sujan বহুমুখী কেন্দ্রে সৌর প্রযুক্তির উপর বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে যে দক্ষতা অর্জন করেছে সেটি প্রদর্শন করছে নূর।

জীবন-দক্ষতা এবং সৌর প্রযুক্তির প্রতি গভীর আগ্রহ খুঁজে পেয়েছে নূর। তাই পরিবারকে সহায়তা করার জন্য সৌর প্যানেল ঠিক করা শিখছে সে। অর্জিত নতুন জ্ঞান বাবা-মার সাথে তার সম্পর্ক বিকাশের একটি সেতু-বন্ধন হয়ে উঠেছে। এখন ছেলেকে নিয়ে বেশ আশাবাদী নূরের বাবা-মা।

“প্রতিটি জীবন-দক্ষতা সেশন শেষে বাড়ি ফিরে আমি বাবা-মায়ের সাথে সচেতনতার তথ্যগুলো শেয়ার করি”, বলছিলো নূর। “আমি তাদের মধ্যেও পরিবর্তন দেখতে পাচ্ছি। আমি একসময় শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতাম, তবে ভাবতাম আমি কখনই শিক্ষক হতে পারব না। কিন্তু এখন আমি অনেক কিছু শিখতে পারছি; আমি আশাবাদী যে ভবিষ্যতে আমি একজন শিক্ষক হতে পারব, যেমনটি আমি সবসময় চেয়েছিলাম”, নূর বললেন।