টিকাই পারে এখনো অনেক শিশুদের সুরক্ষিত করতে
মহাখালীর ডিএনসিসি হাসপাতালের হাম ওয়ার্ডে প্রতিটি পরিবারকে দিতে হচ্ছে টিকা দেরিতে নেওয়ার চড়া মূল্য। তবুও, টিকাদান, সচেতনতা ও সঠিক পরিচর্যার মাধ্যমে এখনও অনেক শিশুকে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব।
- বাংলা
- English
ঢাকা, বাংলাদেশ - ঢাকা শহর কখনোই থেমে থাকে না। রোগ-শোক, মহামারি কিংবা দুর্যোগ—জীবনের তাগিদে প্রতিদিন ভোর হতেই মানুষের কোলাহলে মুখরিত হয়ে ওঠে প্রতিটি অলিগলি; গাড়ি আর রিকশার হর্নের শব্দে সচল থাকে পুরো শহর। কিন্তু কয়েক দিন ধরে মহাখালীর ডিএনসিসি হাসপাতালের ভেতরের চিত্রটা একেবারেই ভিন্ন। হামে আক্রান্ত শিশুদের নিয়ে আসা পরিবারগুলোর জন্য সেখানে যেন সময় থমকে গেছে।
অভিভাবকেরা হাসপাতালের বিছানার পাশে বসে, তাঁদের ক্লান্ত চোখগুলো ঠাই তাকিয়ে আছে ছোট্ট শিশুদের বুকের দিকে —তাঁরা যেন শিশুদের প্রতিটি ভারী নিঃশ্বাস গুনছে। ভর্তি শিশুদের অনেকের বয়সই কেবল কয়েক মাস, আর কোন কোন শিশু এতটাই ছোট যে নিজের মাথাটাও সোজা করে ধরে রাখতে শেখেনি এখনও।
হাসপাতালের প্রতিটি গল্পই আলাদা;
কিন্তু সবার কষ্টটা যেন আজ একই রকম।
“মা কখনও ক্লান্ত পরিশ্রান্ত হতে পারেন না.”
ছয় দিন ধরে ১০ মাস বয়সী রিয়াংশুর পুরো শরীর লাল ফুসকুড়িতে ভরে গেছে। সে অসুস্থ হয়ে পড়েছে প্রায় সাত দিন হলো। এতগুলো দিন তার মা এক মুহূর্তের জন্যও তার পাশ ছেড়ে যাননি।
অন্য অভিভাবকদের উদ্দেশে তিনি কী বলতে চান জানতে চাইলে, তিনি সাথে সাথেই উত্তর দিলেন, “যেহেতু এই রোগটি ছড়িয়ে পড়ছে, তাই সাধ্যমতো সচেতন থাকুন। পরে আফসোস করার চেয়ে আগে থেকেই সতর্ক থাকাটা খুব জরুরি।”
হাসপাতালে চিকিৎসাধীন ছোট সন্তানের পাশাপাশি বাড়িতে রেখে আসা বড় ছেলেটিকে নিয়েও তাঁর চিন্তার শেষ নেই। তাঁর অর্ধেক মন পড়ে থাকে বাসায় রেখে আসা ছেলের কাছে। কিন্তু নিজের এই কষ্টকে তিনি ‘ত্যাগ বা বলিদানের’ সাথে তুলনা করতে নারাজ। এটি নিছক সন্তানের প্রতি মায়ের অপরিসীম নিস্বার্থ ভালোবাসা।
তিনি বলেন, “মা কখনও পরিশ্রান্ত বা ক্লান্ত হতে পারেন না। পরিস্থিতি যা-ই হোক, একজন মাকে তার কাজটুকুই চালিয়ে যেতে যেতে হয়।”
“রিপোর্টে ফলাফল নেগেটিভ, কিন্তু বাচ্চা আমার ততক্ষণে বেশ অসুস্থ হয়ে পড়েছে.”
পাঁচ মাস বয়সী সাফওয়ান চার দিন ধরে অসুস্থতা আর দুই দিন ধরে ডায়রিয়া নিয়ে ওয়ার্ডে ভর্তি হয় । তার হাম পরীক্ষার ফল প্রথমে নেগেটিভ এলেও, পরিবারটি পরে বুঝতে পারে যে সেই রিপোর্টটি হয়তো কোন ভুল ছিল। আর যখন সাফওয়ানের টিকা নেওয়ার সময় হয়েছিল, তখন সে সর্দি-কাশি ও ঠান্ডায় ভুগছিল। ফলে তখন টিকা নেওয়া হয়নি। আর এর মধ্যেই ভাইরাসটি তাকে ঠিক খুঁজে নেয়।
তার একটি বড় ভাইও আছে, আঠারো মাস বয়স, সেও সমান ঝুঁকিতে আছে ।
সাফওয়ানের এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। পুরো ওয়ার্ড ঘুরে দেখা গেছে, বিভিন্ন রূপে একই গল্পের পুনরাবৃত্তি ঘটছে। কোথাও হয়তো টিকা পেছানোর ঘটনা, কোথাও বা ভুল রিপোর্ট, কোথাও আবার সচেতনতার অভাব কিংবা সামান্য কিছুদিনের অসাবধানতাই রোগের জন্য সহজে দরজা খুলে দিয়েছে।
“শহরের এই এলাকায় সচেতনতা বেশ কম।”
দশ মাস বয়সী রুকাইয়া এগারো দিন ধরে অসুস্থ। তার জ্বর খুব বেশি না থাকলেও ডায়রিয়া কমছিল না। তার মা ভালো করেই জানতেন যে, শিশু যখন কোনো সংক্রমণের বিরুদ্ধে লড়াই করছে, তখন একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখাই পরিবারের জন্য বড় সুরক্ষার হাতিয়ার।
ঢাকায় আট বছর ধরে বাস করছে পরিবারটি; ঈদুল ফিতরের সময় যখন তারা বরিশাল বিভাগের পিরোজপুর জেলায় নিজেদের গ্রামের বাড়িতে গিয়েছিল, তখন তারা অবাক হয়ে লক্ষ্য করেছে যে সেখানে এই বিষয়ে সচেতনতামূলক প্রচার করা হচ্ছে। রুকাইয়ার মা বলেন, “পিরোজপুরে মানুষ অন্তত এ বিষয়ে কিছুটা হলেও জানে, কিন্তু এখানে, এই শহরে, মানুষ তাও জানে না।”
লোকে ভাবে শহুরে জীবন মানেই আরও ভালো তথ্য, উন্নত স্বাস্থ্য সচেতনতা আর সার্বিক উন্নতি। অথচ ঢাকার ঘনবসতিপূর্ণ বস্তি বা অনানুষ্ঠানিক বসতিগুলোতে বসবাসকারী পরিবারগুলোর জন্য এই ধারণাটিই মারাত্মক বিপজ্জনক প্রমাণিত হলো।
“এটা একটা যুদ্ধের মতো এবং আমরা একাই সেই যুদ্ধ করছি ।”
আয়াতুল্লাহর বয়স মাত্র এক বছর। তার বাবা-মা কখনো কল্পনাও করেননি যে তাঁদের বাবা-মা হিসেবে এই নতুন যাত্রাটা এমন কঠিনভাবে শুরু হবে। তার নাকে লাগানো অক্সিজেনের একটি সরু নল। বিছানার ঠিক পাশেই রাখা একটি নেবুলাইজার। সময়মতো ওষুধ দেওয়ার কথা বলা হলেও, প্রথমবার বাবা-মা হওয়ায় সঠিক সময় বলতে আসলে কী বোঝায়, তা নিয়ে তাঁরা ছিলেন দ্বিধাদ্বন্দ্বে।
তার বাবা সহজ ভাষায় বললেন, “আমদের এবিষয়ে কোন অভিজ্ঞতা নেই । এর আগে কখনো এ কাজ করতে হয়নি।”
ডিএনসিসি হাসপাতালে পৌঁছানোর আগে পরিবারটি এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরে বেড়িয়েছে—একটি সিটের খোঁজে, একজন ডাক্তারের খোঁজে, কেউ একটু সাহায্য করবে সেই আশায়। ওয়ার্ডগুলো রোগীতে একদম ভরতি ছিল। চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করছিলেন, কিন্তু চিকিৎসক সংকটও ছিল তীব্র। তাই সন্তানের পর্যবেক্ষণের দায়িত্বের একটা বড় অংশ, সঠিক সময় ওষুধ দেয়া এবং সারা রাত জেগে পাহারা দেওয়া- এসবই বিচক্ষনতার সাথে করতে হচ্ছিলো এই দম্পতিকে।
এরই মাঝে তাঁদের মনে গেঁথে গিয়েছিল এক গভীর ভয়। মনে পড়ে যায় হাসপাতালে তাদের প্রথম রাতের কথা—রাত তখন দুটো পেরিয়েছে, হঠাৎ আরেকজন অভিভাবকের কান্নার আর্তনাদে ওয়ার্ডে নেমে পড়ে এক বিষণ্ণতা, অজানা ভয় আর হাহাকার। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরেই তাদের শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল।
আয়াতুল্লাহর বাবা-মা বলেন, “এটা একটা যুদ্ধের মতো এবং আমরা একাই সেই যুদ্ধ করছি।”
এই কঠিন যুদ্ধ থেকে অন্য বাবা-মাদের উদ্দেশ্যে আয়াতুল্লাহর বাবা একটি পরিষ্কার শিক্ষা দিয়েছেন: “টিকা দেওয়ার নির্ধারিত দিনে যদি আপনার শিশুর জ্বর থাকে, তবে অহেতুক অপেক্ষা করবেন না। জ্বর কমলেই দ্রুত শিশুকে টিকা দিতে নিয়ে যান। আমরা যে ভুল করেছি, আপনারা সেই ভুল করবেন না।”
“শুধু আমাদের মেয়ের জন্য না, হাসপাতালে ভর্তি সকল শিশুদের জন্য দোয়া করেন”
আমেনার বয়স মাত্র আট মাস। ঢাকার উত্তর-পশ্চিমের উপজেলা ধামরাই থেকে এসেছে সে। তার বড় ভাই ছয় বছরের আরাফাত সব টিকা পেলেও, আমেনাকে হামের টিকা দেয়া হয়নি।
আমেনার টিকাটা কীভাবে বাদ পড়ে গেল, পরিবারটিও তা নিশ্চিত করে বলতে পারেনি। হয়তো দৈনন্দিন কাজের চাপে টিকার দিনটিতে আর টিকাকেচদ্রে যাওয়ার কথা মাথা থেকে বেরিয়ে গেছিলো, হয়তো পরিস্থিতি বা সময় সুযোগ হয়ে উঠে নি কিংবা বিষয়টার গুরুত্ব হয়তো তখনো তারা পুরোপুরি উপলব্ধি করতে পারেননি, মনে হয়েছে টিকাটা পড়ে দিলেও খুব একটা ক্ষতি নেই।
অন্য অভিভাবকদের উদ্দেশে কোনো পরামর্শ আছে কি না জানতে চাইলে আমেনার বাবা-মা কোনো দ্বিধা ছাড়াই বললেন, “নিজের সন্তানের যত্ন নিন, কোনো গাফিলতি করেন না।”
এরপর তারা আরও যোগ করলেন, “আপ্নারা সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেনন; শুধু আমাদের মেয়ের জন্য নয়, হাসপাতালের সব বাচ্চার জন্য দোয়া করেন, প্লিজ ।” সেই মুহূর্তটিতে তাদের নিজস্ব দুঃখ-বেদনা যেন এক সুতোয় সবাইকে বেঁধে দিল; এক পরিবারের প্রার্থনা ছড়িয়ে পড়ল সবার মাঝে।
“আমি জানতামই না এত ছোট বাচ্চারও হাম হতে পারে”
মাত্র তিন মাস বয়সি অয়নকে হাম নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অয়নের মা বৃষ্টি জানতেনই না যে এত ছোট শিশুও এই ভাইরাসে আক্রান্ত হতে পারে।
“আপনার সন্তানকে টিকা দিন,” তিনি আকুল কণ্ঠে বললেন, “যাই ঘটুক না কেন, টিকাদানে কোনো অবহেলা করবেন না।”
মাত্র তিন মাস বয়স হওয়ায় অয়ন ২০২৬ সালের ৫ এপ্রিল থেকে শুরু হওয়া জরুরি হাম টিকাদান অভিযানের আওতাভুক্ত ছিল না। ১২ দিনব্যাপী চলা এই অভিযানের লক্ষ্য ছিল ৬ মাস থেকে ৫ বছর (৫৯ মাস) বয়সি শিশুদের টিকা দেওয়া।
অভিযানের পাশাপাশি সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) অধীনে নিয়মিত টিকাদান কার্যক্রমও যথারীতি চালু ছিল। অয়নের এই ঝুঁকির কারণ টিকাদান ব্যবস্থার কোনো ত্রুটি ছিল না; বরং তার আশপাশের কমিউনিটিতে অনেক শিশু সুরক্ষিত না থাকায় অনিয়ন্ত্রিতভাবে ভাইরাসটি ছড়িয়ে পড়ছিল।
যখন টিকাদানের হার কমে যায়, তখন সাধারণত সবচেয়ে ছোট ও অসহায় শিশুগুলোই সবচেয়ে বেশি বিপদের মুখে পড়ে।
ওয়ার্ডে চিকিৎসকের দায়িত্বের পর, বাড়িতে মায়ের দায়িত্ব শুরু
Dr. Ivডা. আইভী আক্তার হাসপাতালে রোগীদের সেবায় ওয়ার্ডের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেড়াচ্ছেন, দিনরাত এক করে অসুস্থ শিশুগুলোর চিকিৎসা করে চলেছেন। হাসপাতালে টানা কাজের ক্লান্তির ছাপ তার চোখে মুখে স্পষ্ট। তবে একজন চিকিৎসকের দায়িত্ব শেষ হওয়ার পর শুরু হয় তাঁর আরেকটি দায়িত্ব—বাড়িতে ফিরে একজন মায়ের দায়িত্ব ও সাবধানতা।
রোগীর সংখ্যা বাড়তে থাকায় ওয়ার্ডের ভেতরের চাপও আরও বাড়ছে।
তা সত্ত্বেও তিনি বাবা-মায়েদের পরিষ্কার ভাষায় বুঝিয়ে বলতেন, যেন তারা টিকার বিরুদ্ধে কোনো অপপ্রচার বা ভুয়া তথ্যের ফাঁদে না পড়েন; বরং বিশ্বস্ত সূত্র থেকে সঠিক পরামর্শ নিয়ে সময়মতো নিজেদের সন্তানদের সুরক্ষিত করেন।
তিনি মনে করিয়ে দিতেন যে, রোগ নিরাময় নির্ভর করে আসলে কিছু নিয়মিত ও সহজ কৌশলের ওপর। যেমন—শিশুকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া, পর্যাপ্ত পানি খাওয়ানো, শরীর দুর্বল হয়ে পড়লে ওরস্যালাইন খাইয়ে পানিশূন্যতা রোধ করা, সম্ভব হলে বুকের দুধ খাওয়ানো চালিয়ে যাওয়া, পুষ্টিকর খাবার দেওয়া এবং নিউমোনিয়া বা চোখের সংক্রমণ রোধ করতে চিকিৎসকের দেওয়া ওষুধ নিয়মমতো খাওয়ানো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অতিরিক্ত চিকিৎসা বিষয়ক নির্দেশিকা অনুযায়ী, হামে আক্রান্ত শিশুদের অন্ধত্ব, মারাত্মক জটিলতা ও মৃত্যুর ঝুঁকি কমানোর জন্য ২৪ ঘণ্টা বিরতিতে ভিটামিন ‘এ’-এর দুটি ডোজ দেওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে দুই বছরের কম বয়সি শিশু এবং অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে এটি বেশি প্রয়োজন।
নতুন সব অভিজ্ঞতায় ভরা একটি ওয়ার্ড
এই ছয়টি পরিবারের গল্পে একটা ব্যাপার ছিল অভিন্ন - তবে সেটা দারিদ্র্য, অসচেতনতা বা উদাসীনতা নয়; বরং সেটা আবার আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো যে জীবনটা আসলেই অনিশ্চিত আর জীবন সোজা পথে চলে না- হুট করে কোথাও বেড়াতে যাবার পরিকল্পনা হয়ে যেতে পারে অথবা আরেকটা জরুরী কাজ চলে আসতে পারে, কিংবা শিশুটা অসুস্থ হয়ে পড়তে পারে, ফলে আজকে না গিয়ে অন্য একদিন টিকা নিতে যাবার সিদ্ধান্ত হতে পারে। আর এই ছোট ছোট ছন্দপতনের ফলে যে পরে এতো বিরাট মূল্য চুকাতে হতে পারে, তাও কিন্তু প্রত্যেকটি পরিবারের জন্য ছিল একদমই অকল্পনীয়, অজানা।
হাসপাতালের ওয়ার্ডে থাকা বাবা-মায়েদের চোখে-মুখে ছিল ক্লান্তি ও ভয়ের ছাপ। তবুও, প্রায় প্রত্যেকেই নিজেদের কষ্টের কথা কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্যের কল্যাণে এগিয়ে এসেছিলেন। তারা অনুরোধ করেছিলেন যেন তাদের অভিজ্ঞতা অন্যদের জন্য একটি সতর্কবার্তা হয়; যাতে আরও বেশি বাবা-মা তাদের সন্তানকে টিকা দেন এবং হাসপাতালের এই দীর্ঘ ও কষ্টের রাতের শিক্ষাগুলো ওয়ার্ডের দেয়াল পেরিয়ে সবার কাছে পৌঁছে যায়।
ভবিষ্যতে হামের প্রাদুর্ভাব রোধ করার সবচেয়ে কার্যকর উপায় হলো—জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) নিয়ম মেনে অন্তত ৯৫ শতাংশ শিশুকে এমআর-১ ও এমআর-২ উভয় ডোজ টিকাই নিশ্চিত করা।
বাংলাদেশ সরকার ও স্বাস্থ্য খাতের অংশীদারদের পাশাপাশি ইউনিসেফ ঢাকা ও এর বাইরে টিকাদানের হার জোরদার করতে কাজ করে যাচ্ছে। কারণ রোগের প্রাদুর্ভাব ঠেকাতে সবচেয়ে শক্তিশালী সুরক্ষা সেটাই, যা রোগের উপসর্গ বা ফুসকুড়ি প্রকাশ পাওয়ার আগেই নেওয়া হয়।
এই ওয়ার্ডের শিশুগুলোর এখানে আসার কোনো প্রয়োজনই ছিল না।
আর যেসব শিশুকে আজও টিকা দেওয়া সম্ভব, তাদের নিশ্চয়ই এই পরিণতি ভোগ করতে হবে না।