মির্জাপুরে সীসার বিষক্রিয়া প্রতিরোধে ধাত্রী রাজিয়ার পথচলা

ইউনিসেফের সহায়তায় বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়নে কাজ করে চলেছে একজন প্রশিক্ষিত ধাত্রী

অনিন্দ্য শুভ্র ব্যানার্জী
Razia is a young midwife who is the lifeline of the Upazila Health Complex in Zamurki, Mirzapur.
UNICEF Bangladesh/2023/Emran
14 সেপ্টেম্বর 2023

“সীসার বিষক্রিয়ায় শিশুদের ক্ষতিগ্রস্থ হবার ঝুঁকি অনেক বেশি । তবে এর প্রভাব কীভাবে প্রশমিত করা যায় সে বিষয়ে বাবা-মায়েদের যদি প্রাথমিক জ্ঞান থাকে, তাহলে তাদের সন্তানেরা আরও ভালো জীবনযাপন করতে পারবে”- দৃঢ় কণ্ঠে বললেন রাজিয়া সুলতানা তানিয়া ।

তরুণী রাজিয়া মির্জাপুরের জামুর্কিতে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এখন প্রাণ হয়ে উঠেছেন। তিনি প্রসবকালীন সেবা প্রদানের পাশাপাশি, নিজের কমিউনিটিতে সীসার বিষক্রিয়া সম্পর্কে সচেতনতা তৈরির মাধ্যমে শিশুদের স্বাস্থ্যকর ও নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করতেও কাজ করে চলেছেন।

ইউনিসেফের সহায়তায় পরিচালিত বিশেষায়িত কর্মসূচির আওতায় রাজিয়া প্রশিক্ষণপ্রাপ্ত। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও সীসার বিষক্রিয়া প্রতিরোধে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের প্রয়োজনীয় জ্ঞান ও প্রশিক্ষণসহ অন্যান্য দক্ষতাবৃদ্ধিমূলক সেবা প্রদানের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে প্রস্তুত করার লক্ষ্যে ইউনিসেফ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরকে সহায়তা করে যাচ্ছে।

 

একটি অদৃশ্য হুমকি

সীসার বিষক্রিয়া একটি নীরব ঘাতক। শিশুদের বিকাশ ও সামগ্রিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব মারাত্মক; বিশেষ করে, নবজাতক ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের ঝুঁকি তুলনামূল্কভাবে বেশি। কারণ এটি শিশুদের মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি এবং তাদের পরিপূর্ণ বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে। মাঝারি থেকে উচ্চ মাত্রায় সীসার বিষক্রিয়া শিশুদের মাথাব্যথা, পেট ব্যথা, নিস্তেজ হয়ে যাওয়া, স্মৃতিশক্তি হ্রাস, মনোযোগে ঘাটতি, ক্ষুধামন্দা বা কোষ্ঠকাঠিন্যে ভোগার কারণ হতে পারে। সীসার বিষক্রিয়া স্নায়বিক প্রক্রিয়া এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রেরও ক্ষতি করতে পারে, যা পরবর্তী জীবনে হিংসাত্মক আচরণের কারণ হতে পারে। অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রেও এর সমান ঝুঁকি বিদ্যমান। উচ্চ মাত্রায় সীসার বিষক্রিয়া গর্ভপাত, মৃত সন্তান প্রসব, অপরিণত সন্তান প্রসব ও শিশুর জন্মকালীন ওজন কম হওয়ার কারণ হতে পারে।

Razia treats an ill child while on duty at the Upazila Health Complex in Mirzapur, Tangail.
UNICEF Bangladesh/2023/Emran টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ এক শিশুকে চিকিৎসা দিচ্ছেন রাজিয়া সুলতানা তানিয়া।

আবাসিক এলাকার কাছাকাছি ব্যবহৃত লেড অ্যাসিড ব্যাটারি অবৈধভাবে পুনর্ব্যবহারোপযোগী করার কার্যক্রম সীসার বিষক্রিয়ার একটি অন্যতম উৎস। মশলাতেও উচ্চ মাত্রায় সীসার অস্তিত্ব পাওয়া যায়, যেমন লেড ক্রোমেট, যা হলুদের রঙ ও ওজন বাড়াতে ব্যবহৃত হয়। খেলনা, রং, অ্যালুমিনিয়াম ও সিরামিকের রান্নার পাত্র এবং কিছু খাদ্য সামগ্রীতেও আশঙ্কাজনক মাত্রায় সীসা পাওয়ার অভিযোগ এসেছে।

শুধু বাংলাদেশেই সাড়ে ৩ কোটি শিশুর রক্তে উচ্চ মাত্রায় সীসা রয়েছে বলে ধারণা করা হয়। ইনস্টিটিউট অব হেলথ মেট্রিক্স ইভালুয়েশনের তথ্য অনুসারে, সীসার বিষক্রিয়াজনিত কারণে মৃত্যুর হারে বাংলাদেশ বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে।

 

সরাসরি সম্পৃক্ত ব্যক্তিদের ক্ষমতায়ন

সীসার বিষক্রিয়ার ওপর সম্প্রতি তৈরি জাতীয় ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন এর আওতায় ২০২৩ সালের মার্চ মাসে স্বাস্থ্য ও শিক্ষা খাতের মোট ৩৫ জন কর্মীকে উপ-জাতীয় দক্ষতা বৃদ্ধি কার্যক্রমে সহায়তা করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর ২০২৩ সালের মে থেকে আগস্টের মধ্যে নির্বাচিত চার জেলা – পটুয়াখালী, সিলেট, টাঙ্গাইল ও খুলনায় – মোট ৩৭৯ জন স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে ছিলেন চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, মেডিকেল টেকনোলজিস্ট, স্বাস্থ্য সহকারী এবং কমিউনিটি স্বাস্থ্যসেবা কর্মীগণ।  প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ৪৬ শতাংশই ছিলেন নারী।

প্রশিক্ষণে, বাংলাদেশে সীসার বিষক্রিয়ার পটভূমি ও বর্তমান পরিস্থিতি, এর প্রধান উৎসসমূহ এবং কীভাবে এর দ্বারা মানুষ ক্ষতিগ্রস্থ হয়, বিষক্রিয়ার মাত্রা সম্পর্কে ধারণা, এর ব্যবস্থাপনা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। এই প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল স্বাস্থ্যসেবা প্রদানকারীদের এ বিষয়ে জ্ঞান বৃদ্ধি করা যাতে তারা নিজ নিজ জেলায় সীসার বিষক্রিয়া প্রতিরোধে কাজ করতে পারে। প্রশিক্ষণটি প্রাণবন্ত করে তুলতে বিভিন্ন ধরনের শিখন পদ্ধতি, যেমন মিথস্ক্রিয়ামূলক উপস্থাপনা, কেস স্টাডি,  ছোট ছোট দলগত আলোচনা, ভিডিও উপস্থাপনা ও সবশেষে যাচাই পর্ব , ব্যবহার করা হয়।

স্বাস্থ্যসেবা প্রদানকারীদের পাশাপাশি সীসার বিষক্রিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য বিভিন্ন পেশার ব্যক্তিদের মাঝেও প্রয়োজনীয় জ্ঞান বিতরণ করা হয়। ২০২৩ সালের ৩১ আগস্ট পর্যন্ত, উচ্চ বিদ্যালয়ের ১৯৯ জন শিক্ষক, স্থানীয় সরকারের ৭৫ জন প্রতিনিধি, ২৩ জন ব্যবসায়ী, ৩৩ জন সাংবাদিক ও ৬৩ জন তরুণ প্রশিক্ষণ পেয়েছেন। কমিউনিটিকে সংগঠিত করার মাধ্যমে সীসার বিষক্রিয়ার বিরুদ্ধে এই লড়াইকে আরও জোরদার ও সফল করতে বৈচিত্র্যপূর্ণ এই লোকবল অপরিহার্য ভূমিকা পালন করছে।

 

প্রতিরোধের জন্য সোচ্চার

এই প্রশিক্ষণের ফলে কাজের প্রতি রাজিয়ার দৃষ্টিভঙ্গি বদলে গেছে । রাজিয়া কেবল এখন একজন স্বাস্থ্যসেবা প্রদানকারী নন, বরং তার কমিউনিটির জন্য এখন তিনি একজন পথপ্রদর্শক। সীসার বিষক্রিয়া কী এবং কীভাবে এটি আশেপাশের কমিউনিটিকে ক্ষতিগ্রস্ত করতে পারে সে সম্পর্কে গভীর জানাশোনা রাজিয়াকে স্বাস্থ্য কমপ্লেক্সের একজন বিশ্বস্ত ও দক্ষ কর্মীতে পরিণত করেছে। নতুন এই দক্ষতা তাকে কেবল তার রোগীদেরই নয়, একইসঙ্গে তার সহকর্মীদের প্রয়োজনীয় জ্ঞানে শিক্ষিত করতেও সক্ষম করে তুলেছে, যার মধ্য দিয়ে কমিউনিটিতে জ্ঞান ও সচেতনতা ছড়িয়ে পড়ছে।

শত ব্যস্ততার মধ্যেও রাজিয়া তার কমিউনিটির লোকেদের সাথে এই প্রশিক্ষণ হতে প্রাপ্ত জ্ঞান বিনিময় করার জন্য কিছুটা সময় বের করে নেন। তিনি বলেন, "আগে সীসার বিষক্রিয়া একটি অদৃশ্য হুমকি ছিল। এখন আমি অন্তঃসত্ত্বা ও নতুন মা, বাবা-মা ও যত্ন প্রদানকারীদের যথাযথ চিকিৎসা ও প্রতিরোধের বিষয়ে পরামর্শ দিতে ও শিক্ষিত করে তুলতে পারি।"

 

একটি রূপান্তরমূলক অংশীদারিত্ব

রাজিয়ার প্রচেষ্টা কেবল ক্লিনিকের চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ নয়। দূষিত পানি, রং ও নিত্য গৃহস্থালী সামগ্রীতে সীসার উপস্থিতি সম্পর্কে অন্তঃসত্ত্বা ও নতুন মায়েদের সচেতন করার মাধ্যমে তিনি অনেক পরিবারকে সম্ভাব্য ঝুঁকির হাত থেকে রক্ষা করেছে।

রাজিয়ার মতো স্বাস্থ্যসেবা প্রদানকারীদের গ্রাম-পর্যায়ে সীসার বিষক্রিয়া প্রতিরোধের এই লড়াই চালিয়ে নিয়ে যেতে ইউনিসেফের সহায়তায় পরিচালিত বাংলাদেশ সরকারের এই কর্মসূচি সত্যি প্রশংসনীয়। সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা তৈরির এই উদ্যোগ সংশ্লিষ্ট পেশাদারদের পরিবর্তনের দূত হিসেবে গড়ে তুলছে। ফলে, শিশু ও কমিউনিটিগুলোকে এই নীরব ঘাতক হতে সুরক্ষার মাধ্যমে একটি স্বাস্থ্যকর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টা আরও সহজ হয়ে উঠছে ।