শিশুদের ওপর সহিংসতা বন্ধে আরও জোরালো অঙ্গীকার করেছে বাংলাদেশ
ম্যানিলায় দ্বিতীয় বৈশ্বিক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশ সরকার শিশু সুরক্ষা ব্যবস্থাগুলো জোরদার করা, আইন সংস্কার এবং শিশুদের সহিংসতা থেকে সুরক্ষিত করতে বিনিয়োগ বৃদ্ধির অঙ্গীকার করেছে।
- বাংলা
- English
ঢাকা, নভেম্বর ২০, ২০২৬- শিশুদের ওপর সব ধরনের সহিংসতা প্রতিরোধ এবং এ ধরনের ঘটনায় ব্যবস্থা নেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকার একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের অঙ্গীকার করেছে। এ পরিকল্পনায় শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা, আইন সংস্কার, এ খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং সহায়তামূলক সেবাসমূহের মানোন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ইউনিসেফের কারিগরি সহায়তায় প্রণীত সরকারের এই অঙ্গীকারে সাতটি ক্ষেত্রে বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। ক্ষেত্রগুলো হলো, নেতৃত্ব ও অর্থায়ন, আইন ও নীতিমালা, সহিংসতা প্রতিরোধ, শিশুবান্ধব সেবা, মানবিক সংকট ও ডিজিটাল পরিসরে শিশু সুরক্ষা, জবাবদিহিতা ও শিশুদের অংশগ্রহণ।
বুধবার (১৮ নভেম্বর) ম্যানিলায় সরকারের এসব অঙ্গীকার উপস্থাপনের সময় নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেন, “বাংলাদেশ প্রথমবারের মতো তার অঙ্গীকারগুলো তুলে ধরতে পেরে গর্বিত। এই অঙ্গীকারের মাধ্যমে আমাদের সরকার শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা, আইনি সংস্কারগুলো এগিয়ে নেওয়া এবং সহিংসতা প্রতিরোধ ও সহায়তামূলক সেবায় বিনিয়োগ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। এসব অঙ্গীকারকে সুনির্দিষ্ট বাস্তব পদক্ষেপে রূপ দিতে এবং বাংলাদেশের প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে আমরা বিভিন্ন খাতের মধ্যে সমন্বয় করে কাজ করব।”
ইউনিসেফ এসব অঙ্গীকার বাস্তবে রূপ দিতে সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে। এ লক্ষ্যে নীতি ও আইন সংস্কারে কারিগরি সহায়তা প্রদান, শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, সমাজসেবা কর্মীদের দক্ষতা বৃদ্ধি, সহিংসতা প্রতিরোধ, প্রতিকার ও সহায়তামূলক সেবাগুলোর মানোন্নয়ন এবং শিশুবান্ধব বাজেট প্রণয়ন ও জবাবদিহি নিশ্চিত করতে সহায়তা দিয়ে যাবে ইউনিসেফ।
বাংলাদেশে ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি এমানুয়েল আবরিউ বলেন, “শিশু অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের এই অঙ্গীকার শিশুদের জন্য দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এক ক্ষেত্র তৈরি করে দিয়েছে। ইউনিসেফ এটা প্রণয়নে সহায়তা করতে পেরে গর্বিত। একইসঙ্গে শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ বাড়ানো এবং প্রতিটি শিশু যাতে নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে এবং সহিংসতামুক্তভাবে বেড়ে উঠতে পারে, তা নিশ্চিত করতে সরকার ও অংশীজনদের সঙ্গে কাজ চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে ইউনিসেফ।”
সরকারের এসব অঙ্গীকার শিশুদের ওপর সহিংসতার অবসানে জাতীয় পর্যায়ে আরও জোরালো পদক্ষেপ গ্রহণের একটি রূপরেখা তুলে ধরেছে এবং তা ২০৩০ সালের মধ্যে শিশুদের ওপর সব ধরনের সহিংসতা বন্ধের বৈশ্বিক লক্ষ্য অর্জনেও ভূমিকা রাখবে।
####
গণমাধ্যম বিষয়ক যোগাযোগ
ইউনিসেফ সম্পর্কে
বিশ্বের সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের কাছে পৌঁছাতে বিশ্বের কঠিনতম কিছু স্থানে কাজ করে ইউনিসেফ। ১৯০টিরও বেশি দেশ ও অঞ্চলে সর্বত্র সব শিশুর জন্য আরও ভালো একটি পৃথিবী গড়ে তুলতে আমরা কাজ করি।
ইউনিসেফ এবং শিশুদের জন্য এর কাজ সম্পর্কিত আরও তথ্যের জন্য ভিজিট করুন: www.unicef.org/bangladesh/
ইউনিসেফকে অনুসরণ করুন Twitter, Facebook, Instagram এবং YouTube-এ।