বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০২৫

চূড়ান্ত প্রতিবেদন

Smiling face
UNICEF/UNI532289/Islam Bitu

Highlights

বাংলাদেশ জাতীয় উন্নয়ন অগ্রাধিকারসমূহ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। সে কারণে বৈষম্য চিহ্নিত করা, কোথায় বিনিয়োগ করা প্রয়োজন তা নির্ধারণ করা এবং শিশুদের অগ্রগতি পর্যবেক্ষণ করার জন্য সময়োপযোগী, নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট বিষয়/খাতভত্তিকি তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (MICS) ২০২৫ ইউনিসেফের বৈশ্বিক MICS কর্মসূচির আওতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ইউনিসেফ ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সহযোগিতায় বাস্তবায়ন করেছে। বাংলাদেশে শিশু, কিশোর-কিশোরী, নারী এবং পরিবারের পরিস্থিতি সম্পর্কিত এটি সবচেয়ে বিস্তৃত জাতীয়ভাবে প্রতিনিধিত্বশীল জরিপ, যা নীতিনির্ধারণ, কর্মসূচি প্রণয়ন এবং বিনিয়োগে সহায়তার জন্য আন্তর্জাতিকভাবে তুলনাযোগ্য প্রমাণভিত্তিক তথ্য সরবরাহ করে।

বাংলাদেশের জাতীয় অগ্রাধিকারসমূহ এবং এসডিজি পর্যবেক্ষণ কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে MICS ২০২৫-এ জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের পাশাপাশি তিনটি সিটি করপোরেশন এলাকায় এসডিজির ২৭টি সূচক এবং এমআইসিএস’র ১৭৩টি মানসম্মত সূচকের পরিস্থিতি তুলে ধরা হয়েছে। জরিপটি দেশের ৬৪টি জেলাতেই চালানো হয়। জরিপের জন্য ৬৪ জেলা ও তিন সিটি করপোরেশন মিলিয়ে ৬৭টি এলাকা থেকে সমানভাবে নমুনা নেওয়া হয়। প্রতিটি এলাকায় ৪৭টি করে ক্লাস্টার অন্তর্ভুক্ত ছিল। এর ফলে জাতীয়ভাবে প্রতিনিধিত্বশীল ৩,১৪৯টি ক্লাস্টার এবং ৬২,৯৮০টি পরিবারের তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে।

এমআইসিএস ২০২৫-এ শিশু ও মাতৃ স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, সুরক্ষা, প্রতিবন্ধিতা, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (WASH) এবং নারী ও কিশোর-কিশোরীদের কল্যাণসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত তুলে ধরা হয়েছে। বাংলাদেশে এই প্রথম এত বড় পরিসরের একটি জাতীয় গৃহস্থালি জরিপে শিশু ও গর্ভবতী নারীদের রক্তে সিসা (লেড) এবং আরও তিনটি ভারী ধাতুর মাত্রা পরিমাপ করা হয়েছে। এর মাধ্যমে পরিবেশগত স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে গুরুত্বপূর্ণ নতুন তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

ইউনিসেফ ও এর অংশীদারদের জন্য এই জরিপ শিশু অধিকার এগিয়ে নেওয়া এবং বাংলাদেশ সরকারকে আরও সমতাভিত্তিক নীতি প্রণয়ন, বাজেট তৈরি ও সেবা প্রদানে সহায়তা করার জন্য একটি শক্তিশালী তথ্যভিত্তি দিয়েছে। নির্ভরযোগ্য এবং ভৌগোলিকভাবে বিভাজিত তথ্য সরবরাহের মাধ্যমে এমআইসিএস ২০২৫ সবচেয়ে বেশি সুবিধাবঞ্চিত শিশু ও জনগোষ্ঠীর কাছে সম্পদ ও সেবা পৌঁছে দিতে সহায়তা করবে। একই সঙ্গে এটি শিশু অধিকার বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নে জবাবদিহিতা আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

সবশেষে, MICS ২০২৫-এর প্রকৃত মূল্য নির্ধারিত হবে এর ফলাফলগুলো কতটা কার্যকরভাবে বাস্তব পদক্ষেপে রূপান্তরিত হয় তার মাধ্যমে। সেক্ষেত্রে প্রতিটি শিশুর বেঁচে থাকা, বিকশিত হওয়া এবং পূর্ণ সম্ভাবনা অর্জনের সুযোগ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নীতি প্রণয়ন ও বিনিয়োগ পরিকল্পনা তৈরিতে এখানকার তথ্য-প্রমাণ কতটা কাজে লাগছে, সেটাই সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়াবে। 

বৈশ্বিক MICS কর্মসূচি সম্পর্কে জানতে ভিজিট করুন  mics.unicef.org

পুরো প্রতিবেদন এবং ক্ষুদ্র ক্ষুদ্র তথ্য সেট ডাউনলোড করা যাবে:  UNICEF MICS Platform.

 

MICS 2025 Cover
লেখক
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফ বাংলাদেশ
প্রকাশের তারিখ
ভাষাসমূহ
ইংরেজি
আইএসবিএন
978-984-475-400-3