কোভিড-১৯ মোকাবিলায় ইউনিসেফের ত্রাণ প্রচেষ্টায় আইসিসির সহায়তা
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের উদ্বোধনীতে তহবিল সংগ্রহে প্রচারাভিযান শুরু
- বাংলা
- English
দুবাই / কাঠমান্ডু, ১৭ জুন ২০২১ – দক্ষিণ এশিয়ায় ইউনিসেফের জরুরি কোভিড-১৯ মোকাবিলা কার্যক্রমে সহায়তার লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তার ক্রিকেট ফর গুড উদ্যোগের মাধ্যমে আজ একটি তহবিল সংগ্রহ অভিযান শুরু করেছে। সাউদাম্পটনে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ১৮ থেকে ২২ জুন পর্যন্ত চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের উদ্বোধনীতে এই অভিযান শুরু করা হয়।
কোভিড-১৯ দক্ষিণ এশিয়ায় এক বিপর্যয়কর প্রভাব ফেলেছে। এই অঞ্চলে প্রায় ২০০ কোটি মানুষের এবং বিশ্বের মোট শিশুর এক-চতুর্থাংশের বেশির বসবাস। এই অঞ্চলজুড়ে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির মাত্রা ও গতি দেশগুলোর জীবনরক্ষাকারী চিকিৎসা ও অপরিহার্য সেবা প্রদানের সক্ষমতাকে ছাড়িয়ে গেছে।
এই অঞ্চলে এখন পর্যন্ত ৩ কোটিরও বেশি কোভিড-১৯ এ আক্রান্তের ঘটনা এবং ৪ লাখেরও বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে। শিশুদের ওপর এই ভাইরাসের প্রত্যক্ষ প্রভাব রয়েছে এবং অসুস্থ হয়ে পড়া শিশুর সংখ্যা আগের তুলনায় বর্তমানে অনেক বেশি। ভাইরাসের কারণে শিশুরা বাবা-মা ও যত্নকারীদের হারাচ্ছে, যা তাদের অনেককে ঝুঁকির মুখে ফেলছে এবং বাবা-মায়ের যত্ন থেকে বঞ্চিত করছে। লকডাউন ও স্কুল বন্ধ থাকায় শিশুদের শিক্ষা ও সুরক্ষার বিষয়গুলো অব্যাহতভাবে উদ্বেগের কারণ হিসেবে রয়ে গেছে। নারী ও শিশুরা অপরিহার্য যেসব স্বাস্থ্যসেবার ওপর নির্ভরশীল সেগুলোও বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। মহামারির প্রথম ঢেউয়ের সময় স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার কারণে দক্ষিণ এশিয়া জুড়ে প্রায় ২ লাখ ২৮ হাজার শিশুর মৃত্যু হয়।
কোভিড-১৯ মোকাবিলার অংশ হিসেবে, ইউনিসেফ এই অঞ্চলে পরিবারগুলোকে স্বাস্থ্য, শিশু সুরক্ষা ও শিক্ষা, পানি, স্যানিটেশন এবং পরিচ্ছন্নতা বিষয়ক তথ্য ও কারিগরি সহায়তা প্রদানের পাশাপাশি টিকাদান কার্যক্রম পরিচালনায় সহায়তা প্রদানের মাধ্যমে সরকার এবং অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
গুরুত্বপূর্ণ এই সময়ে ইউনিসেফের প্রতি আইসিসির এ সহায়তা শিশুদের জীবন ও ভবিষ্যৎ নিরাপদ করতে বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেটের শক্তি ও প্রভাবকে কাজে লাগাবে। প্রচারাভিযানের অংশ হিসেবে, আইসিসি ইউনিসেফকে সহায়তার লক্ষ্যে নিজস্ব ডিজিটাল চ্যানেলগুলোর গ্রাহকদের ব্যবহার করবে। ইউনিসেফের সঙ্গে যৌথভাবে আইসিসি তার বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, এলইডি পেরিমিটার বোর্ড এবং মাঠে থাকা রিপ্লে স্ক্রিনগুলোর মাধ্যমে সরাসরি ইউনিসেফের অনুদান প্ল্যাটফর্মের লিংকে (https://help.unicef.org/icc) গিয়ে অনুদান দেওয়ার জন্য তার সম্প্রচার মাধ্যমের দর্শকদের প্রতি আবেদন জানাবে। খেলার ধারাভাষ্যেও সহায়তা করার জন্য দর্শকদের প্রতি আহ্বান জানানো হবে।
দক্ষিণ এশিয়ায় ইউনিসেফের আঞ্চলিক পরিচালক জর্জ লারিয়া-আদজেই বলেন: “দক্ষিণ এশিয়া জুড়ে সংক্রমণের মারাত্মক গতি ও মাত্রা আশঙ্কাজনক এবং এটি ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থাকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। ইউনিসেফ অংশীদারদের সাথে জীবনরক্ষামূলক সহায়তা প্রদানে এবং শিশু ও নারীদের জন্য অপরিহার্য স্বাস্থ্যসেবাসমূহ যাতে অব্যাহত থাকে তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে সহযোগীদের সঙ্গে কাজ করছে। আইসিসির ‘ক্রিকেট ফর গুড’ উদ্যোগটি দক্ষিণ এশিয়ায় শিশু ও পরিবারগুলোর জন্য জীবনরক্ষামূলক উপকরণ ও সেবা প্রদান অব্যাহত রাখতে আমাদের গুরুত্বপূর্ণ তহবিল সংগ্রহের সুযোগ দেবে।”
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালার্ডাইস বলেন: “দক্ষিণ এশিয়ায় কোভিড-১৯ মহামারি যে বিপর্যয় সৃষ্টি করেছে তা হৃদয় বিদারক। এই অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে ঝুঁকির মুখে থাকা শিশুরা। কোভিড-১৯ মোকাবিলায় ইউনিসেফের ত্রাণ বিতরণ কার্যক্রমে সহায়তা প্রদানে সংস্থাটির সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে জরুরি তহবিল সংগ্রহ করতে আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের উদ্বোধনী অনুষ্ঠানের বৈশ্বিক প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবো, যা প্রকৃত অর্থে পার্থক্য গড়ে দিতে পারে। আমরা বিশ্বজুড়ে ক্রিকেট অনুরাগীদের প্রতি আহ্বান জানাই যাতে তারা এমন কঠিন সময়ে ইউনিসেফের কার্যক্রম পরিচালনার প্রতি সমর্থন ব্যক্ত করতে একত্রে এগিয়ে আসে এবং এমন একটি উপযুক্ত কারণে দান করে।”
এই উদ্যোগের মাধ্যমে জোগাড় হওয়া ইউনিসেফের প্রাপ্ত সমস্ত অর্থ দক্ষিণ এশিয়ায় ইউনিসেফের জরুরি কোভিড-১৯ মোকাবিলা কার্যক্রমে ব্যবহৃত হবে। একসাথে অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে ইউনিসেফ এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই কঠিন পরিস্থিতি মোকাবিলায় এবং নারী ও শিশুদের জন্য অপরিহার্য স্বাস্থ্য সেবা আরও বিঘ্নিত হওয়া রোধ করতে বিভিন্ন কমিউনিটি ও প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা করবে।
এ ছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মার্চেন্ডাইজ পার্টনার টেক মাহিন্দ্রার সঙ্গে একত্রে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনীতে একটি বিশেষ কোভিড-১৯ ত্রাণ কার্যক্রম চালু করেছে। এই কার্যক্রম থেকে পাওয়া অর্থের ১০ শতাংশ দক্ষিণ এশিয়ায় ইউনিসেফের ত্রাণ বিতরণ কার্যক্রমে ব্যয় করা হবে। ভক্ত-অনুরাগীরা https://icccricketshop.com/- এই ওয়েবসাইট থেকে পণ্য ক্রয়ে মাধ্যমে এই উদ্যোগে সামিল হতে পারবেন।
####
বি-রোল ও ছবি ডাউনলোড করা যাবে এখান থেকে। দক্ষিণ এশিয়ায় কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি মোকাবিলায় ইউনিসেফের কার্যক্রম সম্পর্কে আরও জানতে এবং দান করতে ক্লিক করুন এখানে।
গণমাধ্যম বিষয়ক যোগাযোগ
ইউনিসেফ সম্পর্কে
প্রতিটি শিশুর অধিকার ও সমৃদ্ধি নিশ্চিত করতে বিশ্বের ১৯০ টি দেশে কাজ করছে ইউনিসেফ। সকল বঞ্চিত শিশুদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা কাজ করি বিশ্বের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে।
আমাদের কাজ সম্পর্কে আরো জানতে ভিজিট করুন: www.unicef.org.bd
ইউনিসেফের সাথে থাকুন: ফেসবুক এবং টুইটার
'ক্রিকেট ফর গুড' সম্পর্কিত
'ক্রিকেট ফর গুড' আইসিসির কমিউনিটিভিত্তিক বৈশ্বিক প্রচারমূলক কর্মসূচি, যার লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী শিশু এবং পরিবারগুলোর জীবনকে বদলে দিতে ক্রিকেটের বিশাল শক্তি এবং প্রভাব কাজে লাগানো।
ইউনিসেফের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয় সম্পর্কিত
শিশুদের জীবন বাঁচাতে সহায়তা করতে, তাদের অধিকার সমুন্নত রাখতে এবং তাদের মধ্যে থাকা সম্ভাবনার বিকাশ ঘটাতে সহায়তা করতে ইউনিসেফের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয় (আরওএসএ) আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কায় ইউনিসেফের কান্ট্রি অফিসের সঙ্গে কাজ করে। দক্ষিণ এশিয়ায় শিশুদের জন্য ইউনিসেফের কার্যক্রম সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: www.unicef.org/rosa। ইউনিসেফ আরওএসএ-কে অনুসরণ করুন Twitter ও Facebook–এ।